২৬ মার্চ ২০১৬ - ১৫:৫৫
হোলি উৎসবে ভারত-পাকিস্তানে নিহত ৬৫

হোলি উৎসবকে ঘিরে ভারত ও পাকিস্তানে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

আবনা ডেস্ক: হোলি উৎসবকে ঘিরে ভারত ও পাকিস্তানে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ভারতের উত্তর প্রদেশে পৃথক ঘটনায় মারা গেছে ২৫ জন।
আর পাকিস্তানের করাচিতে উৎসবের আগেই চোলাই মদ পান করে প্রাণ গেছে ৪০ জনের।
ভারতের উত্তর প্রদেশে হোলি উৎসবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা থাকার পরও ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তবে প্রাদেশিক ডিরেক্টর জেনারেল অব পুলিশের সদর দফতর থেকে মৃতের সংখ্যা ১৪ বলে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে শুক্রবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, লক্ষ্ণৌতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুলান্দশহরে অপর এক দুর্ঘটনায় আরও নয়জন মারা যান। বাকিদের মৃত্যু হয়েছে মারামারি অথবা মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে।
এদের মধ্যে অধিকাংশ মৃত্যুর ঘটনা বেপরোয়া গতি ও মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
রঙের উৎসব হোলিকেন্দ্রিক গাড়ি দুর্ঘটনায় ২৫২ জন মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত লেগেছে অথবা হাত-পায়ের হাড় ভেঙে গেছে।
লক্ষ্ণৌর ট্রমা সেন্টারের স্নায়ুরোগ বিভাগ জানিয়েছে, মাথায় আঘাতপ্রাপ্ত রোগীতে বিভাগ পূর্ণ হয়ে গেছে। আহত অধিকাংশই হেলমেট ছাড়া মোটরবাইকে চড়ার কারণে মাথায় আঘাত পেয়েছেন।
অন্যদিকে পাকিস্তানের করাচির পূর্বাঞ্চলে হোলি উৎসবকে সামনে রেখে চোলাই মদ পান করে মারা গেছেন ৪০জন।
শহরটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার গণমাধ্যমকে জানান, হোলি উৎসবকে সামনে রেখে সোমবার চোলাই মদ পান করে করাচিতে ৪০ জনের মৃত্যু হয়।
এর আগে শহরটিতে ২০১৪ সালে ঈদের আগে চোলাই মদ পান করে ২৩ জন মারা যান।